বাগেরহাটে ঘের দখলের চেষ্টা, মাছ লুট ও হামলার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধুমকালিপুর গ্রামে মাছের ঘের দখল, লুটপাট, বাড়িঘর ভাঙচুর ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
বুধবার বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোজাহিদুল মৃধা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘদিন ধরে প্রায় ১০ বিঘা জমির ওপর ইজারা নিয়ে তারা মাছ চাষ করে আসছেন। উক্ত ঘেরের মধ্যে প্রতিপক্ষের প্রায় ১৪ কাঠা জমি থাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে জমি আলাদা করা বা ইজারার টাকা নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও প্রতিপক্ষ রাজি হয়নি।
অভিযোগ করা হয়, গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টার দিকে ঘেরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের জসিম দর্জি, হাসান দর্জি, জাহাঙ্গীর দর্জি ও মিনাজ দর্জি সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে আলী মৃধাসহ পরিবারের সদস্য ও স্বজনেরা আহত হন। আহতদের মধ্যে তিনজনকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ঘেরের মাছ, জাল লুট করে নেয় এবং বাড়িঘরে ভাঙচুর চালায় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে কয়েকজন পূর্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তারা স্থানীয় বিএনপি নেতার অনুসারী হিসেবে চলাফেরা করছেন। তবে কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।
সংগঠিত ঘটনার নিরপেক্ষ তদন্ত, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু বিচারের দাবিতে বাগেরহাটের পুলিশ সুপার, সদর থানা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
