ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, দুর্যোগকালীন উদ্ধার মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার তৎপরতা ও ফায়ার সার্ভিসের কার্যক্রম তুলে ধরে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম,উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, ভালুকা প্রেসক্লাব সভাপতি মোঃ মাইন উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
