মাগুরার মহম্মদপুর উপজেলায় নিয়মবহির্ভূতভাবে ইটভাটা স্থাপন ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে প্রতিটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স সীমান্ত ব্রিকস, মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।
আরও পড়ুন
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মন।
অভিযান সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ৪, ৫ ও ৬ ধারার বিধান লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর বিরুদ্ধে একই আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস, আনসার ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, নিয়মবহির্ভূতভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনা করার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। মূলত পরিবেশদূষণ রোধ ও আইন বাস্তবায়ন নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ও নিয়মবহির্ভূত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার পাশাপাশি প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
তাছিন জামান/আরএএস
