Published : 14 Oct 2026, 04:59 PM
Updated : 14 Oct 2026, 04:59 PM
মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় কারবারির ছুরিকাঘাতে এক এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার শতখালী ইউনিয়ন হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শালিখা থানার ওসি আশিকুর রহমান।
আহত এএসআই রকিবুল ইসলাম শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
গ্রেপ্তার অপু (২৫) ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাতে ওই গ্রামের শাহেদ ইটভাটার সামনে মাদক কেনা-বেচার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। তবে তাদের মধ্যে একজন পুলিশ সদস্য রকিবুলকে ছুরিকাঘাত করেন।
এ সময় দুইজন পালিয়ে গেলেও অপুকে আটক করে পুলিশ। আটকের কাছ থেকে গাঁজা, ২৫টি ইয়াবা ও ছুরি জব্দ করা হয়।
পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে জানান ওসি আশিকুর রহমান।
তিনি বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এ ছাড়া পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
