নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জেজেইউ’র আহ্বায়ক সাইফুর রহমান সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংগঠনের নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা এবং সামগ্রিক সাংবাদিকতার নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর গত বছরের নভেম্বর মাসেও একবার কুপিয়ে জখম করার নৃশংস হামলা হয়েছিল।
জেজেইউ বিবৃতিতে আরও জানায় সেই সময় ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীদের সাহস বেড়েছে এবং শেষ পর্যন্ত সাংবাদিক আলিফকে জীবন দিতে হলো।
বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন।
