খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে সিএনজিচালিত অটোরিকশার চাকা খুলে সড়ক থেকে ছিটকে গেলে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।
শুক্রবার উপজেলার লতিবান প্রিন্সিপাল পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
নিহত ১২ বছর বয়সি তানিয়া আক্তার উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। আহত হয়েছেন শিশুটির মা ডেইজি আক্তার (৩৫) ও বোন আঁখি আক্তার (১৭) এবং বিজিবির নায়েব সুবাদার আব্দুর রাজ্জাক।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, “পানছড়ি থেকে খাগড়াছড়ি জেলা সদরে আসার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এসময় সামনের চাকা খুলে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে।
এতে শিশুটি ঘটনাস্থলে মারা যায়। আহত হন অন্য যাত্রীরা। তবে দুর্ঘটনার পর অটোরিকশাটির চালক পালিয়ে গেছেন।
আহতদের মধ্যে বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে বিজিবি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুইমারা শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে।
The post খাগড়াছড়িতে অটোরিকশার চাকা খুলে দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ appeared first on দৈনিক আমার কাগজ.
