Published on
:
2 min read
AI ও স্মার্ট ওয়্যারেবলের দুনিয়ায় আরও এক ধাপ এগোল Meta। ক্যালিফোর্নিয়ায় আয়োজিত Meta Connect 2026 অনুষ্ঠানে একাধিক নতুন প্রযুক্তি ও ডিভাইসের ঘোষণা করেছে সংস্থাটি। নতুন Meta Ray-Ban Audio স্মার্ট চশমা, উন্নত Ray-Ban Meta Gen 3 এবং Muse AI-চালিত হ্যান্ডহেল্ড ডিভাইস Muse Charm—সব মিলিয়ে প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে এই আয়োজন। পাশাপাশি ভার্চুয়াল রিয়্যালিটি বা VR-এর ক্ষেত্রেও নতুন চমক এনেছে সংস্থা।
Muse AI-কে নতুন রূপ Muse Charm-এ
Meta-র নতুন আকর্ষণ Muse Charm। এটি একটি ছোট হ্যান্ডহেল্ড AI ডিভাইস, যার মধ্যে রয়েছে ছোট ডিসপ্লে। সেখানে অ্যানিমেটেড Muse-কে দেখা যাবে। ফলে শুধুমাত্র ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নয়, বরং একটি দৃশ্যমান চরিত্রের সঙ্গে কথা বলার মতো অভিজ্ঞতা পাওয়ার সুযোগ তৈরি হবে। Muse AI-কে স্মার্ট চশমার বাইরেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে সংস্থা।
Meta Ray-Ban Audio: ক্যামেরা ছাড়াই স্মার্ট অভিজ্ঞতা
নতুন Meta Ray-Ban Audio স্মার্ট চশমায় রয়েছে ওপেন-ইয়ার স্পিকার এবং Meta AI সাপোর্ট। এতে ক্যামেরা নেই, ফলে অডিয়ো-কেন্দ্রিক ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। বদলানো যায় এমন টেম্পল টিপস ও নোজ প্যাডও থাকছে। সংস্থার দাবি, একবার চার্জে চশমাটি ১২ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। চার্জিং কেস থেকে মিলবে আরও ৪৮ ঘণ্টার ব্যাকআপ। দাম ৩৪৯ ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩২,৯০০ টাকা।
Ray-Ban Meta Gen 3-তে উন্নত ক্যামেরা
Ray-Ban Meta Gen 3-তে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, 3K Ultra HD ভিডিও রেকর্ডিং এবং ডায়নামিক ছবি তোলার সুবিধা। ছ’টি মাইক্রোফোনের সাহায্যে ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কমানোর ব্যবস্থাও রয়েছে। ২৭ ধরনের ফ্রেমের বিকল্প এবং Meta AI চালু করার জন্য নতুন অ্যাকশন বাটন থাকছে। দাম ৪৪৯ ডলার, অর্থাৎ প্রায় ৪২,১০০ টাকা।
Meta-র নতুন VR চশমা: হালকা ও শক্তিশালী
অনুষ্ঠানের অন্যতম বড় ঘোষণা নতুন VR চশমা। প্রায় ১০০ গ্রাম ওজনের এই ডিভাইসে রয়েছে 5K OLED ডিসপ্লে এবং Snapdragon Elite চিপ। এতে প্রায় তিন ঘণ্টা প্লেব্যাক ও ৪৫ ওয়াট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ভয়েস কমান্ড, চোখের নড়াচড়া এবং হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যাবে। চশমাটির দাম ১,২৯৯ ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১.২৫ লক্ষ টাকা। বাজারে আসার সম্ভাবনা ২০২৭ সালের গোড়ায়।
সব মিলিয়ে, Meta Connect 2026-এ স্মার্ট চশমা থেকে AI ডিভাইস এবং VR—প্রতিটি ক্ষেত্রেই নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিয়েছে Meta। দৈনন্দিন জীবনে AI-কে আরও সহজে ব্যবহার করার দৌড়ে এই ডিভাইসগুলি কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।
