বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬।আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় অংশ নেবে ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এবিজি স্পোর্টস সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার প্রস্তুতি, খেলার নিয়মাবলি ও সূচি নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ক্রিকেট ও ফুটবলে আলাদা বিভাগে লড়বে বিশ্ববিদ্যালয়গুলো। দুই খেলাতেই অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। সংবাদ সম্মেলনে গ্রুপ নির্ধারণী লটারিও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
ফুটবলে অংশ নিতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে পাঁচ লাখ টাকা প্রাইজমানি। ক্রিকেট ও ফুটবলের জন্য পৃথকভাবে এই পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, ‘এবিজি ইউনিভার্সিটি কাপের যাত্রা শুরু হচ্ছে ফুটবল ও ক্রিকেট দিয়ে। তবে আমাদের এই যাত্রা শুধু দুটি খেলার মধ্যে সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে আরও নানা ইভেন্ট যুক্ত করে আয়োজনটিকে এগিয়ে নিতে চাই আমরা।’
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য প্রকাশের সুযোগ তৈরি করা এবং দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার পথ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তার আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে, যারা একসময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।
আয়োজকদের প্রত্যাশা, এবিজি ইউনিভার্সিটি কাপ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন খেলোয়াড় তৈরিতেও ভূমিকা রাখবে।
তোফায়েল/এএফ
