ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় আয়োজকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে চোরবাগান দুর্গাপূজার মণ্ডপে এ দুর্ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে দুর্গাপূজার সপ্তমীতে চোরবাগান মণ্ডপে এ পদদলনের ঘটনা ঘটে। উৎসব উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হয়েছিল। প্রবল বৃষ্টির মধ্যে ভিড়ের চাপ বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন চোরবাগান দুর্গাপূজা কমিটির সম্পাদক রাজকুমার সেউদা ও সহসভাপতি শান্তনু দুবে। এ ছাড়া বাঁশের কাঠামো নির্মাণের দায়িত্বে থাকা বিপ্লব মুখার্জি, ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কৌশিক সাহা ও পিন্টু দে এবং বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা সুমন চক্রবর্তী ও রাজেশ পালকে গ্রেপ্তার করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, পূজা আয়োজকদের মাইকে দেওয়া একটি ঘোষণার পর দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তবে ঠিক কী ঘোষণা দেওয়া হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও জানান, নিহত দুজনের স্বজনদের দাবি, মণ্ডপ এলাকায় বেসরকারি নিরাপত্তাকর্মীদের বাঁশি বাজানোর কারণে অপেক্ষমাণ দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়েছিল।
তবে পদদলনের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। দুর্ঘটনাস্থল ফরেনসিক বিভাগ, পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) ও দমকল বিভাগের তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর কলকাতার বেশ কয়েকটি বড় দুর্গাপূজার মণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, তালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন, চেতলা অগ্রণী ও বালিগঞ্জ সর্বজনীনের মতো দর্শনার্থীদের কাছে জনপ্রিয় পূজামণ্ডপগুলোতে সাময়িকভাবে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থিমনির্ভর পূজার আয়োজকদের পর্যাপ্ত আলো, প্রবেশ ও বের হওয়ার জন্য যথেষ্ট পথ এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, থিমের চেয়ে মানুষের জীবনের মূল্য বেশি।
এ ছাড়া দুর্ঘটনার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচিসহ সব সরকারি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছে রোববার কয়েকটি দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের কথা ছিল তার।
