বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের পশ্চিম ধূপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, সীমানা প্রাচীর ও যাতায়াতের রাস্তা সংস্কারসহ নানা দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। ১০ বছর আগে মূল ভবনটি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়ায় বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ তা নিলামে বিক্রি করে ভেঙে ফেলে। পরবর্তীতে পাঁচ বছর আগে ৪ কক্ষবিশিষ্ট দুটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। বর্তমানে সেখানে একটি কক্ষে শিক্ষকরা বসেন এবং বাকি তিনটি কক্ষকে দুই ভাগে বিভক্ত করে ক্লাস পরিচালনা করা হয়। ১৩০ জন শিক্ষার্থীর এই বিদ্যালয়ে টিনের চালের তীব্র গরমে প্রায়ই কোমলমতি শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
তা ছাড়া, বিদ্যালয়টিতে যাতায়াতের কাঁচা রাস্তাটির কারণে বর্ষা মৌসুমে শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অন্যদিকে বিদ্যালয়ের একেবারে কোল ঘেঁষে একটি বড় খাল থাকলেও কোনো সীমানা প্রাচীর না থাকায় শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত জমি রয়েছে। এ এলাকায় আড়াই কিলোমিটারের মধ্যে কোনো আশ্রয়কেন্দ্র নেই। ঘূর্ণিঝড় বা দুর্যোগের সময় স্থানীয়দের অনেক দূরে নিরাপদ আশ্রয়ে যেতে হয়। তাই জরুরি ভিত্তিতে এখানে একটি ‘সাইক্লোন শেল্টার কাম প্রাইমারি স্কুল’ ভবন নির্মাণ এবং সীমানা প্রাচীর তৈরির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
জেএইচআর
