সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন ওই গ্রামের রাম প্রসাদ (৩৪) ও তার মেয়ে কিরণ মালা (১০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রাম প্রসাদের দ্বিতীয় স্ত্রী হাউসী রানীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। এ নিয়ে পারিবারিকভাবে একাধিকবার দরবার-সালিশ হলেও তাদের মধ্যে বিরোধের অবসান হয়নি। বরং প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত।
এরই জের ধরে সোমবার সকালে রাম প্রসাদ ও তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে কিরণ মালা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য দুপুরে তাদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে মেয়ে কিরণ মালা এবং সন্ধ্যার দিকে বাবা রাম প্রসাদের মৃত্যু হয়।
পুলিশ হাসপাতাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাবা ও মেয়ের মৃত্যু হত্যা, নাকি আত্মহত্যা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
