টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ছোড়া কাণ্ডে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলের তরফে মঙ্গলবার ৪ জনকে গ্রেপ্তার করা হয়, এঁদের মধ্যে আবার ২ জন মহিলাও আছেন। জানা গিয়েছে, এই গোটা ঘটনায় ২ মহিলার দারুণ হাত আছে। তাঁরাই নাকি অস্ত্র আনিয়েছেন, আততায়ীদের হাতে সেগুলো তুলে দিয়েছেন।
দিল্লি পুলিশের তরফে এদিন যে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন কুণাল, সুমিত, রাধা এবং ববিতা। গ্রেপ্তারের পরই জিজ্ঞাসাবাদ এবং তদন্ত প্রক্রিয়ার জন্য তাঁদের মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কী জানা গিয়েছে প্রাথমিক ভাবে? কুণাল এবং সুমিত অস্ত্রের আয়োজন করেছেন। অন্যদিকে রাধা এবং ববিতা গিয়ে মুম্বইয়ে এই অস্ত্রগুলো আততায়ীদের হাতে তুলে এসেছেন।
প্রসঙ্গত, এর আগে এই কাণ্ডে রাজস্থানের কোটা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁদের কোটা থেকে মুম্বই ফিরিয়ে আনা হয়। এই ১৮ ঘণ্টার সফরে গাড়ির মধ্যেই তাঁদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। শুধু তাই নয়, তিনজনকে তিনটি আলাদা গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। কিন্তু কেন এভাবে আনা হয়েছে ৩ মূল অভিযুক্তকে? তাঁরা যাতে চোখে ধুলো দিয়ে না পালাতে পারেন বা অন্য কোনও সমস্যা না হয়, তাই তিনটি আলাদা গাড়িতে লক করে তাঁদের মুম্বই নিয়ে আসা হয়। আর এই সময় চলা জিজ্ঞাসাবাদে তাঁদের আলাদা আলাদা করে প্রশ্ন করা হয় এটা জানার জন্য যে তাঁদের কথায় কোনও অসঙ্গতি আছে কিনা।
এরপর দুপুর ৩ টের দিকে একটাই গাড়িতে তোলা হয় ৩ অভিযুক্তকে। সেখানে তাঁদের সামনাসামনি বসিয়ে চলে আরও এক দফা জিজ্ঞাসাবাদ। বুধবার সকালে এই ৩ অভিযুক্তকে নিয়ে মুম্বই ঢোকার কথা পুলিশের টিমের।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, গত রবিবার, ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুর পুষ্পা পার্কে টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়া হয়। তবে আহত হননি অভিনেতা। কিন্তু স্বাভাবিক ভাবে এই ঘটনা মানসিক ভাবে আঘাত দিয়েছে তাঁকে। অন্যদিকে তাঁর গাড়ির চালক সহ আরও এক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, অভিনেত্রী দিশা পাটানি এসে তাঁর সঙ্গে দেখা করেছেন।
https://youtu.be/87PeBrznygY?si=083Tsbm_9NETnC9J
