ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল মিস ও পেনাল্টি থেকে ব্যর্থতার দিনে জয় নিয়েই মাঠ ছেড়েছে আল নাসর। স্বদেশি জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে সৌদি প্রো লিগের ম্যাচে নিওমকে ১-০ ব্যবধানে হারিয়েছে দলটি।
মঙ্গলবারের ম্যাচে প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের ৪৭তম মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পান আল নাসর অধিনায়ক রোনালদো। সাদিও মানের বাঁ দিক থেকে বাড়ানো উঁচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে কাছ থেকে শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বাঁ পায়ের শটে বল জালে জড়ানোর বদলে ক্রসবারের ওপর দিয়ে পাঠান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এরপর পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগও পান পর্তুগিজ মহাতারকা। কিন্তু জোরালো শট নিয়েও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ফলে গোলের সহজ সুযোগ ও পেনাল্টি-দুই ক্ষেত্রেই ব্যর্থ হয়ে হতাশার রাত কাটে রোনালদোর।
তবে রোনালদোর ব্যর্থতা দলের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৬১তম মিনিটে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স। তার সেই একমাত্র গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে আল নাসর।
এই জয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নিওম।
২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে কাদসিয়া। ২৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে আল-হিলাল। ফলে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ জয় পেল আল নাসর।
