ইরানের বিরুদ্ধে যুদ্ধে ন্যাটোর কাছে সহায়তা চাওয়ার মধ্য দিয়ে সামরিক জোটটিকে যাচাই করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন ছিল না। ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, জোটটি কীভাবে সাড়া দেয়, তা দেখতেই তিনি সহায়তা চেয়েছিলেন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা চেয়েছিলাম, তখন সেই সহায়তার প্রয়োজন আমাদের ছিল না। আমি আসলে পরীক্ষা করছিলাম।’
ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্র ‘এত বিপুল অর্থ’ ব্যয় করে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তবে ন্যাটোকে পরীক্ষা করার বিষয়ে এর বেশি বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
সমাবেশে ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে।
তার ভাষায়, ইরানের নৌবাহিনী এখন ‘সমুদ্রের তলদেশে’।
ইরানের যুদ্ধবিমান নিয়েও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের ২২৯টি যুদ্ধবিমান এখন দেশটির বিভিন্ন রানওয়েতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
ইরানের সঙ্গে আলোচনা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘কার সঙ্গে আলোচনা করব, তা-ই বুঝতে পারছি না।’
ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নেতারা ‘নেই’ এবং তৃতীয় পর্যায়ের নেতাদের অর্ধেকও আর নেই। তবে সমাবেশে এসব দাবির পক্ষে তিনি বিস্তারিত তথ্য বা প্রমাণ তুলে ধরেননি।
এএম
