সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর এবং তাদের জীবনরক্ষায় সরকারের কার্যকর উদ্যোগের অভাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, প্রবাসী শ্রমিকদের পাঠানোয় রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও বিদেশে তাদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ নেই। তারা বিদেশে কারাবন্দি বাংলাদেশিদের মুক্তি, রাষ্ট্রীয় খরচে আইনি সহায়তা এবং সংঘাতপূর্ণ অঞ্চলে জোরপূর্বক সামরিক কাজে নিয়োজিত বাংলাদেশিদের উদ্ধারে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না। সমাবেশে আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা গভীর উদ্বেগজনক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচার প্রক্রিয়া ও রায়ের পূর্ণাঙ্গ বিবরণ সরকারের কাছে থাকার কথা থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানত না। বিদেশে বাংলাদেশের নাগরিকদের বিচার, কারাবাস ও মৃত্যুর মতো গুরুতর ঘটনায় সরকারের যে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন ছিল, তা দেখা যায়নি। তিনি বলেন, নাগরিকদের জীবনরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে সরকারের ব্যর্থতা এবং মৃত্যুর পর তাদের নিয়ে অবমাননাকর মন্তব্য প্রমাণ করে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সরকারের মাথাব্যথা নেই।
রাগীব আহসান মুন্না বলেন, বিদেশে আটক বাংলাদেশিদের তালিকা তৈরি, রাষ্ট্রের খরচে আইনি সহায়তা, নিয়মিত কারাগার পরিদর্শন এবং বন্দিদের পরিবারের সঙ্গে যোগাযোগের কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
