ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। এ সময় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের স্বজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুই পুলিশ সদস্য হলেন এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কদ্দুসকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁকে আটক করা হয়। তবে আব্দুল কদ্দুস নিজেকে জামিনে রয়েছেন বলে দাবি করেন। পুলিশ তাঁর জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে আব্দুল কদ্দুসের স্বজনেরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে। এতে এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। এএসআই রাহিদুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে ভালুকা মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। পরে রাত ৯টার দিকে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
The post ময়মনসিংহে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ২ appeared first on বাংলাধারা.
