সংবাদ সম্মেলনে পুলিশ সুপার
Copy Link-->প্রকাশিত: ১৬:০৩, ২২ অক্টোবর ২০২৬ আপডেট: ১৬:০৭, ২২ অক্টোবর ২০২৬
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাজেক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারদুপুরে রাঙামাটি শহরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আব্দুর রকিব
রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রায় দুই ঘণ্টা গুলিবিনিময় হয়েছে। এতে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুই সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি শহরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার আব্দুর রকিব।
পুলিশ সুপার জানান, সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে উজোবাজারে অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনীর তিন থেকে চারজন এবং পুলিশের দুই সদস্য আহত হন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে প্রায় দুই ঘণ্টা গুলিবিনিময় হয়।
পুলিশ সুপার আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উজোবাজারের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছে।
তিনি বলেন, সব পর্যটক নিরাপদে সাজেক ছেড়েছেন। পুরো ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
