হরমুজ প্রণালির কাছে পৃথক ঘটনায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজ ও একটি বাল্কবাহী জাহাজ ডুবে গেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া এসব ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। বুধবার সামুদ্রিক নিরাপত্তা সূত্র ও আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার তথ্যের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স। ডুবে যাওয়া জাহাজ দুটির একটি সিঙ্গাপুরের পতাকাবাহী ‘জিএফএস প্রাইড’। মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় জাহাজটিতে আগুন ধরে যায়। পরে সেটি ডুবে যায়। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। অন্য জাহাজটি অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘কেপ দাও’। গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক সপ্তাহ পর জাহাজটি ডুবে যায়। হামলার পর নাবিকদের সরিয়ে নেওয়া হলেও একজন নিহত হন। আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর এটি জাহাজডুবির দ্বিতীয় ও তৃতীয় ঘটনা। এর আগে মার্চে মাল্টার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে হরমুজ প্রণালির উত্তরে ডুবে যায়। সাম্প্রতিক দিনগুলোয় প্রণালি ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলা বেড়েছে। ইরান বলছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ ও কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা পদক্ষেপ নিচ্ছে। সিঙ্গাপুরের সামুদ্রিক কর্তৃপক্ষ এসব হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উদ্বেগ জানিয়েছে।