Published on
:
1 min read
এই সময়: পুজোয় শহর ও মণ্ডপ চত্বর পরিচ্ছন্ন রাখতে সব পুরসভাকে বিশেষ নির্দেশ পাঠাল পুর–দপ্তর। ওই নির্দেশিকায় পুজোর দিনগুলিতে জঞ্জালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দিনে তিন বার আবর্জনা সাফাইয়ের কথা বলা হয়েছে পুরসভাগুলিকে। এর পাশাপাশি প্রতিটি পুজো মণ্ডপে বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ জোর দেওয়া হয়েছে। উৎসবের আবহে সুস্থ পরিবেশের লক্ষ্যে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে বলে সোমবার জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি বলেন, ‘পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রতিটি মণ্ডপ চত্বরে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন রাখতে হবে।’ উৎসস্থলেই বর্জ্য আলাদা বা পৃথকীকরণেও বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে পুর–দপ্তরের তরফে।
প্রতিমা নিরঞ্জনের সময়ে নদী ও অন্য জলাশয়ের দূষণ রোধে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিসর্জনের আগেই ফুল, পাতা এবং প্রতিমার সাজসজ্জার জিনিস আলাদা করে ফেলার জন্য পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিসর্জন ঘাটে জমে থাকা সমস্ত বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করার জন্যে পুরসভাগুলিকে নির্দেশ দিয়েছে পুর–দপ্তর। কোনও ভাবেই মণ্ডপ চত্বরে যাতে জল না জমে এবং ডেঙ্গির আশঙ্কা তৈরি না হয়—সে দিকেও নজর রাখতে বলা হয়েছে সব পুরসভাকে।
