নারায়ণগঞ্জের বন্দর থানায় বিশেষ অভিযান চালিয়ে ১১টি মামলার পলাতক আসামি ও কুখ্যাত ডাকাত সর্দার মো. খোকন ওরফে চোক্কা (৩৬)সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনের তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন— মো. পারভেজ (২৮) এবং মো. মঞ্জুর (৫০)। তাদের উভয়ের বাড়ি বন্দর থানার রামনগর এলাকায়।
পুলিশ জানায়, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান, এসআই আব্দুল আলিম, এসআই মামুন ইসলাম ও এসআই ইয়াসিন আরাফাতসহ সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতি ও অপরাধমূলক কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ১টি লোহার তৈরি কাঠের বাটযুক্ত রামদা, ১টি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, ১টি লোহার তৈরি চাপাতি, ১টি কালো কসটেপ দ্বারা পেঁচানো ছুরি, ২টি হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত ছুরি এবং ১টি লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি সংগঠনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসার কথা স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে প্রধান আসামি খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলা ও ৫টি গ্রেফতারি পরোয়ানা চলমান রয়েছে।
এ ছাড়া মো. পারভেজের বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলা ও ১টি পরোয়ানা এবং মো. মঞ্জুরের বিরুদ্ধে ১টি ডাকাতি প্রস্তুতি মামলাসহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় বন্দর থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
