আজকাল ওয়েবডেস্ক: ফের ধানখেতে হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের সুকানি বস্তি এলাকায়, রামকৃষ্ণ স্কুলের পিছনে একটি ধানখেতে। সেখানে একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে খাবারের সন্ধানে লোকালয় সংলগ্ন ধানখেতে বেরিয়ে এসেছিল হাতিটি। এরপর সকালে হাতিটির মৃতদেহ দেখতে পাওয়া যায়।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের কর্মীরা। কী কারণে হাতিটির মৃত্যু হল, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ধানখেতে হাতির মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। বন দপ্তর সূত্রে পরবর্তী তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।
