খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কক্ষে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ৭টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ঘটনায় কক্ষটির সার্বিক ফাইবার ও সার্ভারের বিভিন্ন তার ও যন্ত্রাংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার আইসিটি কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেন। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীদের তৎপরতায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৭টার দিকে তা পুরোপুরি নিভে যায়।
অগ্নিকাণ্ডে আইসিটি কক্ষের সার্ভার সিস্টেমের বিভিন্ন ক্যাবল ও অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে জানানো হবে।
