স্টাফ রিপোর্টার ॥
ভোলায় সুপারি বাগানের গোপনে বসে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ সাত জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৫মিনিটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর ৪নম্বর ওয়ার্ডস্থ আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানের গভীর ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম এই বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআই আব্দুল আজিজ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে ঝটিকা অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকেই জুয়া খেলার রানিং বোর্ড থেকে নগদ ৩৩,২৭০ (তেত্রিশ হাজার দুইশত সত্তর) টাকা এবং বিপুল পরিমাণ জুয়ার সরঞ্জামসহ ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, মোঃ রুবেল (৩০) পিতা: আবু জাহের, সাং: চর আনন্দ পার্ট-৩ (১নং ওয়ার্ড, উত্তর ইলিশা)। মোঃ নসু হাওলাদার (৪৫) পিতা: কবির হাওলাদার, সাং: চাচড়া (৪নং ওয়ার্ড, বাপ্তা)। মোঃ আলাউদ্দিন (৪২) পিতা: আলী আকবর, সাং: গুপ্ত মুন্সি (৯নং ওয়ার্ড, বয়াতী বাড়ি)। মোঃ মনির হোসেন (২৭) পিতা: কাঞ্চন চৌকিদার, সাং: পূর্ব ইলিশা (৯নং ওয়ার্ড)। মোঃ রাকিব (৩৬) পিতা: আবুল কাসেম, সাং: দক্ষিণ চরপাতা (৩নং ওয়ার্ড, পশ্চিম ইলিশা)। মোঃ মোতাসিম (৪০) পিতা: মৃত শাহজালাল হক, সাং: দক্ষিণ চরপাতা (৩নং ওয়ার্ড, ফরাজী বাড়ি)। মোঃ মনির (৩১) পিতা: আব্দুল মোতালেব, সাং: পশ্চিম ইলিশা (১নং ওয়ার্ড, বেপারী বাড়ি)।
আটককৃতরা সবাই ভোলা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা লোকচক্ষুর আড়ালে সুপারি বাগানের নিরিবিলি পরিবেশকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভোলা সদর থানায় জুয়া আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে ডিবি পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।