সংবাদ বিজ্ঞপ্তি · ১২ অক্টোবর, ২০২৬ ৭:১৩ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও হয়রানির অভিযোগ তুলে এলাকায় জানমালের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে গ্রামছাড়া পরিবারগুলোকে নিরাপত্তার সঙ্গে বাড়ি ফেরানোর ব্যবস্থা, দখল হয়ে থাকা বাড়ি উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সোমবার (১২ অক্টোবর) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে মো. শিবরুল আমীন ও মোবারক হুসেন মেন্দী অভিযোগ করেন, একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হলেও পরে তা সংঘর্ষ, মামলা ও বাড়িঘরে হামলার ঘটনায় রূপ নেয়। এতে গ্রামের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৫ সালের ২ মার্চ উত্তর কালনীরচর কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানার সেপটিক ট্যাংক নির্মাণকাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং কালনীরচর বাজারে ভাঙচুর চালানো হয়। পরে একই বছরের ৩১ মে মসজিদকেন্দ্রিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হলে একটি হত্যা মামলা (মামলা নম্বর জি আর ১০৬/২০২৫) করা হয়। ওই ঘটনার পর রাতে বিভিন্ন বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশের সহায়তা চাওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁদের অভিযোগও যথাযথভাবে গ্রহণ করা হয়নি। হত্যা মামলার একাধিক ব্যক্তি জামিনে মুক্তি পেলেও নিরাপত্তাহীনতার কারণে নিজ বাড়িতে ফিরতে পারছেন না। এ ছাড়া রেনু বেগমের একটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের পর নুর মিয়া সেটি দখলে রেখেছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলন থেকে উত্তর কালনীরচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দেওয়া এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ইমরান আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়।
গুগলে আমাদের খবর পেতে
