কালবেলা · general
আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেপ্তার ৩
১৬/১০/২০২৬

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) এবং ইয়াসিন (২৬)। ঘটনার দিন রাতেই জিএমপি সদর মেট্রো থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করে। সিসি ক্যামেরায় শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ‘পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় একটি ও মাদকসহ দুই জনকে আটকের ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পৃথক মামলা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য এটিএসআই নুরুল ইসলাম বাদী হয়ে ওই দুটি মামলা করেন।’
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, ‘ফাঁড়িতে হামলার ঘটনায় মামলায় রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে গাজীপুর মেট্রো সদর থানা পুলিশ আসামিদের রেলপথ পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের ঢাকার আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে স্টেশনে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে পুলিশ। পরে তাদেরকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। দুজনকে আটকের খবর পেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। তারা গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় বাধা দিলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗