গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার দশমীর দিনে পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো. তারা মিয়া (৫৬) নামে এক ভিডিপি (ভিলেজ ডিফেন্স পার্টি) সদস্যের মৃত্যু হয়েছে। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে জেলা আনসার ও ভিডিপি বিভাগ।
বুধবার (২১ অক্টোবর) রাতে মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান (বিভিএমএস)।
এদিন বিকেল সোয়া ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে একই উপজেলায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভিডিপির আরেক নারী সদস্য মোছা. পারভীন বেগম (৪৫)।
নিহত তারা মিয়া সাদুল্লাপুর উপজেলার মহেশপুর গ্রামের নছিম উদ্দিনের ছেলে। তিনি ভিডিপির একজন সদস্য ছিলেন।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার পূর্ব কিশামত হামিদ সার্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালন করছিলেন ভিডিপি সদস্য তারা মিয়া। সেখানে দুপুর আড়াইটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নেওয়ার পরামর্শ দেন। তবে পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
গাইবান্ধা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান ঢাকা পোস্টকে বলেন, তারা মিয়া নামের একজন ভিডিপি সদস্য পূজায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে রংপুরে নেওয়ার পথে মারা গেছেন। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসক সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি জানান, তারা মিয়ার এক ছেলে বাইরে থাকায় বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজার সময় নির্ধারণ করেছে তার পরিবার। বাহিনীর পক্ষ থেকে নিহত সদস্যের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর একই উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে পূজার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যান পারভীন বেগম (৪৫) নামে আরেক ভিডিপি সদস্য। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে মৃত্যু সনদের বরাতে জানিয়েছে জেলা আনসার ও ভিডিপি বিভাগ। পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে। তিনি ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ছিলেন।
এ বছর জেলায় ৬৩২টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা উদ্যাপন করা হচ্ছে। এসব পূজামণ্ডপে ৪ হাজার ২ জন আনসার ও ভিডিপির নারী-পুরুষ সদস্য দায়িত্ব পালন করছেন। ৬৩২টি মণ্ডপ ও মন্দিরের প্রতিটিতে দুজন করে নারী আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।
মাসুম বিল্লাহ/এমএমবি
