থাইরয়েডের সমস্যা এখন অনেকের মধ্যেই দেখা যায়। হরমোনের ভারসাম্যহীনতার কারণে থাইরয়েড গ্রন্থি কখনো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, আবার কখনো এর কার্যক্ষমতা কমে যায়। তবে থাইরয়েডের সব সমস্যা হরমোনের ভারসাম্যহীনতায় সীমাবদ্ধ নয়। এ গ্রন্থিতে অস্বাভাবিক কোষের বৃদ্ধি থেকে টিউমার তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে ক্যানসার পর্যন্ত হতে পারে।
থাইরয়েড ক্যানসার নারী পুরুষ উভয়েরই হতে পারে। অন্যান্য অনেক ধরণের ক্যানসারের তুলনায় অপেক্ষাকৃত কম বয়সেও এ রোগ হতে পারে। তাই ঘাড়ে অস্বাভাবিক পরিবর্তন কিংবা দীর্ঘস্থায়ী কিছু উপসর্গ দেখা দিলে সতর্ক থাকা জরুরি। চলুন জেনে নিই থাইরয়েডের সম্ভাব্য পাঁচটি লক্ষণ–
ঘাড়ে অস্বাভাবিক পিণ্ড
ঘাড়ের সামনের দিকে, বিশেষ করে থাইরয়েড গ্রন্থির কাছে নতুন কোনো পিণ্ড বা ফোলা দেখা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। থাইরয়েডের সব পিণ্ড ক্যানসার নয়। তবে এমন কিছু পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ব্যথাহীন গাঁট
থাইরয়েড ক্যানসারের ক্ষেত্রে ঘাড়ে তৈরি হওয়া গাঁট অনেকসময় ব্যথাহীন হতে পারে। ফলে ব্যথা না থাকায় অনেকেই বিষয়টি উপেক্ষা করেন। কিন্তু গাঁটটি নতুন করে তৈরি হলে কিংবা দীর্ঘদিন স্থায়ী হলে পরীক্ষা করানো জরুরি।
কণ্ঠস্বরের পরিবর্তন
দীর্ঘদিন ধরে কণ্ঠস্বর ভেংগে যাওয়া, স্বর কর্কশ হয়ে পড়া কিংবা কথা বলার ধরনে পরিবর্তন আসা থাইরয়েডের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে অন্য কোনো কারণ ছাড়াই এ সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওযা উচিত।
খাবার গিলতে বা শ্বাস নিতে অসুবিধা হওয়া
থাইরয়েড গ্রন্থির কোনো অস্বাভাবিক বৃদ্ধি আশেপাশের গ্রন্থির ওপর চাপ সৃষ্টি করলে খাবার গিলতে বা শ্বাস নিতে অসুবিধা হতে পারে। ঘাড়ে পিণ্ডের পাশাপাশি এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের চিকিৎসা নেওয়া প্রয়োজন।
অকারণে ওজন কমে যাওয়া
খাদ্যাভাস বা শারীরিক পরিশ্রমে উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও ওজন কমতে থাকলে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। যদিও অনিচ্ছাকৃত ওজন হ্রাস থাইরয়েড ক্যানসারের নির্দিষ্ট লক্ষণ নয়, তবুও দীর্ঘদিন ধরে এমন পরিবর্তন চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কখন চিকিৎসকের কাছে যাবেন
থাইডরয়েড ক্যানসারের অনেক সময় প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গ থাকে না। তবে ঘাড়ে পিণ্ড, কণ্ঠস্বরের পরিবর্তন বা গিলতে অসুবিধার মতো লক্ষণ দেখা দিতে পারে। তাই শুধু উপসর্গ দেখে ক্যানসার নিশ্চিত হওয়া যায় না। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক শারীরিক পরীক্ষা থাইরয়েড আলট্রাসনোগ্রাম এবং সুক্ষ্ম সূঁচের সাহায্যে কোষের নমুনা পরীক্ষার পরামর্শ দিতে পারেন।