ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত তীব্র হওয়ায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো তাদের ধাহরান সদরদপ্তরের কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার ছয়টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কর্মীদের ভবন ছেড়ে দূর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কী কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। ইরান যুদ্ধ শুরুর পর এই প্রথম আরামকোর সদরদপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার ঘটনা বলে জানিয়েছে সূত্রগুলো।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে দাবি করেছেন, তারা লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরে আরামকোর স্থাপনা এবং রাজধানী রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এসব হামলার বিষয়ে নিশ্চিত করেনি।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদ ও মদিনার আকাশে ড্রোন প্রতিহত করা হয়েছে। এর আগে চলতি মাসের ১৩ তারিখে আরামকোর ধাহরান সদরদপ্তরে হুতিদের হামলায় ভবনের কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়ে।
হুতিদের হামলার জবাবে সৌদি আরব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। দেশটি জানিয়েছে, হুতিদের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
এদিকে, বুধবার সন্ধ্যায় ধাহরানের কাছে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় সৌদি আরবের এক নাগরিক ও এক ভারতীয় নাগরিক নিহত হন। আহত হন আরও আটজন। বৃহস্পতিবার সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং আকাশপথে চলাচল স্বাভাবিক হয়েছে।
সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১১ ডলার ৮৮ সেন্টে পৌঁছায়। দিনের শুরুতে দাম উঠেছিল ১১২ ডলার ৫৫ সেন্টে, যা গত ১৮ মে’র পর সর্বোচ্চ।
রয়টার্স জানিয়েছে, সৌদি আরব ও হুতিদের নতুন করে সংঘাতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে গেছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
