চট্টগ্রামের রাউজানে মসজিদের দরজায় অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার ভোরে মার্কেট বন্ধ থাকার সুযোগে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার পরপরই পালিয়ে যায় ওই যুবক। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেও এখনো তাকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাটের পার্টি অফিস মার্কেটের বাইতুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। প্রতি শুক্রবার মার্কেটটি বন্ধ থাকে। এ সুযোগে মসজিদের দরজায় আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর মার্কেটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হলেও অভিযুক্ত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মার্কেটের মধুবন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, সকালে মসজিদের দরজায় আগুন দেওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। মসজিদ মুসল্লিদের ইবাদতের স্থান। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মসজিদের দরজায় আগুন দেওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। সিসিটিভি ফুটেজসহ প্রাসঙ্গিক তথ্য পর্যালোচনা করে ওই যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, ‘তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
