মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে বড় রদবদল এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। নতুন স্থায়ী কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় দলের ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আশরাফুলকে বোর্ডের অধীনে নতুন একটি পদে পুনর্বাসিত করা হবে। ২০২৫ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া আশরাফুলকে জাতীয় দলে তার দায়িত্ব পালন ও প্রচেষ্টার জন্য আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায় বিসিবি।
এর আগে শনিবার বিকেলে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস সিদ্ধান্তটি আশরাফুলকে জানান। 'দ্য ডেইলি স্টার'-কে তথ্যটি নিশ্চিত করে আশরাফুল নিজেই বলেন, ‘হ্যাঁ, আমাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
অথচ আজ সকালেও মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ২৮ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টের ঐচ্ছিক অনুশীলন সেশনে ক্রিকেটারদের ব্যাটিং নিয়ে কাজ করতে দেখা গিয়েছিল আশরাফুলকে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী জানান, আশরাফুল আর জাতীয় দলীয় সেটআপের সঙ্গে থাকছেন না।
সম্প্রতি ওয়ানডেতে দলের চরম ব্যাটিং বিপর্যয়ই মূলত তার দায়িত্ব হারানোর পেছনে প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। টেস্ট তুলনামূলক ভালো পারফর্ম করলেও সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং অনেকদিন ধরেই ভুগছে।
নতুন কোনো ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্বে থাকা অভিজ্ঞ মোহাম্মদ সালাউদ্দিন সাময়িকভাবে জাতীয় দলের ব্যাটিং বিভাগ পরিচালনা করবেন। বিসিবি সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষেই স্থায়ী কোনো বিদেশি ব্যাটিং কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
