পুজো মানেই বাঙালির কাছে স্বর্গীয় অনুভূতি। সারাবছর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করেন সকলে। সারাদিন ঘোরা, দেদার খাওয়া দাওয়া আর আড্ডা। কিন্তু প্যান্ডেল হপিংয়ের মাঝে ট্রেনে বাসে চড়তে কারই বা ভালো লাগে। আবার বাড়ি ফিরে রান্না বসানোর ঝক্কিও চান না কেউই। এদিকে রেস্তোরাঁতেও লম্বা লাইন। এই সব সমস্যা সমাধানের উপায় রয়েছে আপনার হাতেই। স্রেফ ডাউনলোড করে নিন কয়েকটা অ্যাপ। ঝক্কি ছাড়াই সেরে ফেলুন প্যান্ডেল হপিং থেকে ভুরিভোজ।
ক্যাব অ্যাপ্লিকেশন
বাস, মেট্রো, কোথাও হেঁটে, এত ঝক্কি করে প্রতিমা দর্শনের লাইনে দাঁড়াতে ভালো লাগে? তার চেয়ে প্যান্ডেল হপিং করুন আয়েসে। অ্যাপে বুক করে ফেলুন ক্যাব। সপরিবার বা শুধু প্রিয়জনের কাঁধে মাথা এলিয়ে পৌঁছে যান প্যান্ডেলে। তবে হ্যাঁ, এতে পকেট খানিকটা ফাঁকা হবে।
কলকাতা মেট্রো
পুজোর ‘মাস্ট ডু’ লিস্টে এক নম্বরে থাকুক মেট্রোর স্মার্ট কার্ড ও মোবাইলে মেট্রোর অ্যাপ। কারণ এবার পুজোয় টিকিটের লাইনে দাঁড়িয়ে মনে হতে পারে, ওটা সুরুচি সংঘ পুজোর লাইন। ডাউনলোড করে নিন কলকাতা মেট্রো অ্যাপ। ২৪ মেট্রো স্টেশনের যাবতীয় খবরাখবর পাবেন এক ক্লিকে। মেট্রোয় কোনও অসুবিধায় পড়লেও কল করতে পারেন অ্যাপে দেওয়া হেল্পলাইন নম্বরে।
স্মার্ট পার্কিং এজেন্ট
চারদিকে ‘নো পার্কিং’ হোর্ডিং। সপ্তমীর রাতে নজর এড়িয়ে গাড়ি পার্ক করে ট্র্যাফিক পুলিশের কাছে ধরা পড়লে, সারা পুজো মাটি। নির্ঝঞ্ঝাট পার্কিংয়ের খোঁজ পেতে ডাউনলোড করুন ‘স্মার্ট পার্কিং’ অ্যাপ। জেনে নিন কোথায় পাওয়া যাবে গাড়ি পার্কিংয়ের জায়গা। ঘণ্টা-পিছু পার্কিং রেট কত। ন্যাভিগেট করতে পারবেন পার্কিং স্পট। গাড়ির লোকেশনের এক কিলোমিটারের মধ্যে কোথায় সেই মুহূর্তে পার্কিং লট খালি আছে, এক মুহূর্তে জানতে পারবেন। মোবাইল নম্বর দিয়ে অ্যাপে রেজিস্টার করলে জেনে নিতে পারবেন কাছাকাছি সব পার্কিং লোকেশন।
বন্ধু
মণ্ডপে ঢোকার শর্টকাট নিতে গিয়ে ফাঁকা রাস্তায় এক দল মদ্যপের দ্বারা হেনস্তার শিকার? এক নিমেষে পুজোর আনন্দ পালটে গেল দুঃস্বপ্নে। তাই আগেভাগেই নিয়ে নিন বাড়তি সতর্কতা। ডাউনলোড করুন কলকাতা পুলিশের ‘বন্ধু’ অ্যাপ। রাস্তায় যে কোনও সমস্যায় পড়লে এই অ্যাপের মাধ্যমে সহায়তা করবে কলকাতা পুলিশ ৷ নিজের ফোন নাম্বার দিয়ে অ্যাপে রেজিস্টার করা মাত্রই চোখে পড়বে ‘প্যানিক হিটস’ অপশন। ক্লিক করতেই খবর চলে যাবে কাছাকাছি থাকা কর্মরত পুলিশকর্মীর কাছে। ‘বন্ধু’ আপনার নিজস্ব সিকিউরিটি গার্ড।
গুগল আর্থ
ট্র্যাফিক ঝঞ্ঝাট পেরিয়ে বেহালার সব ক’টা ঠাকুর দেখতে পাবেন তো? আপনার সাহায্যে এগিয়ে এসেছে গুগল আর্থ। গুগল ম্যাপের মাধ্যমে বুঝে যাবেন কোন রাস্তা দিয়ে ঠাকুর দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। রয়েছে গ্রুপ প্ল্যানিংয়ের সুবিধা। যদি ষষ্ঠীর প্ল্যান থাকে দক্ষিণ কলকাতার ঠাকুর দেখবেন, তা হলে বন্ধুদের সঙ্গে তা শেয়ার করুন প্যান্ডেলের লিস্ট। রাস্তাঘাট চেনার প্রয়োজন নেই। গুগল আর্থ সব জানে। কোন বন্ধুর সঙ্গে কোথায় দেখা করবেন, তার প্ল্যানিংও করে ফেলতে পারবেন ম্যাপের মাধ্যমে।

জোম্যাটো বা সুইগি
শুধু টইটই করে পুজো বেড়ালেই তো হল না, পেটপুজোও মাস্ট। পুজোর চার দিন খাবারের জন্য বড় বড় রেস্তরাঁর সামনে লাইনে দাঁড়াতে হলে ডিনার হয়তো ব্রেকফাস্টের টাইমে পৌঁছে যাবে। তার চেয়ে পুজো হপিং সেরে বাড়ি ফিরে এক ক্লিকে বাড়িতে হাজির জিভে জল আনা নামজাদা রেস্তোরাঁর খাবার-দাবার।
