উদ্ভাবনী প্রযুক্তি ও সমাধানের মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে টানা ৪র্থ বারের মতো “বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড”-এ পুরস্কার জিতেছে বিকাশ। অ্যাওয়ার্ডের ৪র্থ আসরে ‘এমএফএস/ডিএফএস’ ক্যাটাগরিতে সম্মানজনক ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’ বিজয়ী এবং ‘পেমেন্ট’ ও ‘ডিজিটাল লেন্ডিং’ ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পেয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানটি।
সম্প্রতি, বাংলাদেশ ফিনটেক ফোরাম এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক প্রযুক্তি খাতে উদ্ভাবন, প্রভাব এবং নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বিকাশ-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা। এসময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের ও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সুবিধার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ ও সাশ্রয়ী মূল্যে সঞ্চয়, ঋণ, পেমেন্ট ও রেমিট্যান্সের মতো প্রাতিষ্ঠানিক সেবার আওতায় নিয়ে আসার স্বীকৃতি হিসেবে বিকাশের সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগ ‘দ্য বিকাশ ইমপ্যাক্ট’ এমএফএস/ডিএফএস ক্যাটাগরিতে পেয়েছে ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার। এছাড়া স্পর্শহীন দ্রুত লেনদেন সুবিধা নিশ্চিত করায় ‘বিকাশ এনএফসি’ পেমেন্ট ক্যাটাগরিতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণপ্রাপ্তি সহজ করায় ‘বিকাশ মার্চেন্ট লোন’ ডিজিটাল লেন্ডিং ক্যাটাগরিতে অনারেবল মেনশন অর্জন করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড এর এবারের আসরে ১৩টি বিজয়ী ও ৮টি অনারেবল মেনশন পাওয়া প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
