রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৭ অক্টোবর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এ মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
মেলায় দেশের ৪৪টি ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য প্রদর্শন করবে। আইসিসিবির হল-২, হল-৩ ও হল-৪-এ মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না।
আয়োজকরা জানান, দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ এবং রপ্তানি বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ফার্নিচার প্রদর্শিত হবে।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান শেখ আব্দুল আউয়াল বলেন, মেলায় শুধু দেশে তৈরি ফার্নিচার প্রদর্শিত হবে, আমদানি করা ফার্নিচার থাকবে না। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নতুন নকশা ও উদ্ভাবন তুলে ধরবে। ক্রেতাদের জন্য পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আইসিসিবির হল-৪-এ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি থাকবেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
মেলার উদ্বোধনী দিনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে প্রাক্-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা দুটি বিভাগে অংশ নিতে পারবে। নিবন্ধন শুরু হবে দুপুর দুইটায়, প্রতিযোগিতা শুরু হবে বিকেল চারটায়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় ২০ জনকে পুরস্কার দেওয়া হবে, যার মোট অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা।
