আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ফায়েজ বেপারীর ছেলে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনটি রেলওয়ে কলোনি এলাকায় পৌঁছানোর আগে শাহিনকে লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ট্রেনটি কাছাকাছি পৌঁছালে তিনি রেললাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় ট্রেনের চালক হর্ন দিলেও তিনি লাইন থেকে সরে যাননি। পরে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এতে তার শরীর কোমর থেকে দুই ভাগ হয়ে যায়। রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।