আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি আফগানিস্তান। তিন ম্যাচের প্রতিটিতেই অনায়াসে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
অন্যদিকে, ত্রিদেশীয় সিরিজে খেলতে নেমে চরম বিপাকে পড়েছে ইংল্যান্ড। স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচেই হেরে গেছে ইংলিশরা। এর মধ্যে লঙ্কানদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে পাহাড়সমান ৪২৯ রান করেও হার এড়াতে পারেনি হ্যারি ব্রুকের দল।
এসবেরই প্রভাব পড়েছে আইসিসি র্যাংকিংয়ে। ওয়ানডেতে আফগানিস্তান এখন ইংল্যান্ডেরও ওপরে। হালনাগাদ র্যাংকিং অনুযায়ী, আফগানিস্তান আছে সাতে; ইংল্যান্ড নেমে গেছে আটে। আর শ্রীলঙ্কা ৪৩০ রান তাড়া করে ছয়ে উঠে এসেছে।
অবশ্য রেটিং পয়েন্টে তিন দল একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। বর্তমানে শ্রীলঙ্কার রেটিং ৯৫, আফগানিস্তানের ৯৪ ও ইংল্যান্ডের ৯৩।
সম্প্রতি মুখোমুখি লড়াইয়েও আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি ইংল্যান্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও আফগানদের কাছে হেরেছে ইংলিশরা। বাংলাদেশ ওয়ানডে র্যাংকিংয়ে র্যাংকিংয়ের নয়েই আছে। তবে তাদের রেটিং পয়েন্ট কমে ৮৩ থেকে ৮১ হয়েছে।
যথারীতি শীর্ষে আছে ভারত। দুইয়ে নিউজিল্যান্ড ও তিনে দক্ষিণ আফ্রিকা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পাঁচে। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তান উঠে এসেছে চারে।
