শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ এবং ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস এ তথ্য নিশ্চিত করেন।
ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর (শনিবার) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে ১৬ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশের সরকারি ছুটি থাকায় বন্দরটির কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর (রোববার) সকাল ৯টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকায় বাংলাবান্ধা বন্দরেও আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে তাঁরা চিঠি পেয়েছেন। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কেফায়েতুল ওয়ারেস জানান, দুর্গাপূজা উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার চালু থাকবে।
অন্যদিকে, বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যাবে।
