শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৮৪টি পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় ঘিওর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস. এ. জিন্নাহ কবির। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সংসদ সদস্যের সহধর্মিনী সায়লা কবীর।
এ সময় উপজেলার প্রতিটি পূজামণ্ডপের অনুকূলে দুটি করে ধুতি ও একটি করে শাড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক সহসভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল-মামুন ও মিজানুর রহমান কুদরত, ঘিওর ডি. এন. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সিকদার, উপজেলা যুবদলের সদস্যসচিব সাইফ সানোয়ার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ও তাজুল ইসলাম তারেকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলার ৮৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে উপহার গ্রহণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেএইচআর
