আজ সকাল থেকেই বন্দরের ভেতরে কাজে যোগ দিতে শুরু করেন শ্রমিকরা। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য বোঝাইয়ের জন্য আসা বাংলাদেশী ট্রাকগুলোও বন্দরের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। তবে ছুটির আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ভারত থেকে বীজবোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম আবারো চালু হয়।
আজ সকাল থেকেই বন্দরের ভেতরে কাজে যোগ দিতে শুরু করেন শ্রমিকরা। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য বোঝাইয়ের জন্য আসা বাংলাদেশী ট্রাকগুলোও বন্দরের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। তবে ছুটির আমেজ কাটিয়ে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে গত ১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত সাত দিন ভারতীয় ব্যবসায়ীরা বাণিজ্য বন্ধ রেখেছিলেন। তার আগের দিন ১৬ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও আমদানি-রফতানি বন্ধ ছিল। সব ছুটি শেষে শনিবার দুপুর থেকে দুই দেশের মধ্যে নতুন করে পণ্য লেনদেন ও পরিবহন শুরু হয়েছে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল বলেন, দীর্ঘ আট দিন সীমান্ত পারাপার বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের ভেতরের অন্য সব কাজ সচল ছিল। আজ দুপুর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন শুরুর পাশাপাশি শ্রমিকরা কাজে ফেরায় ট্রাকে পণ্য ওঠানো-নামানোর কাজ পূর্ণ গতিতে চলছে।
অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, দুর্গাপূজার জন্য সীমান্ত বাণিজ্য বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টে যাত্রী যাতায়াতব্যবস্থা সব সময় স্বাভাবিক ছিল।
