নরসিংদীর মাধবদীতে কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া। তারা টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে মাধবদী বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী সদর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দগ্ধ দুই টেকনিশিয়ানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বুধবার বিকেলে মিলটির বয়লার বিকল হয়ে যায়। পরে মিল মালিক ইকবাল হোসেন টেকনিশিয়ানদের ডেকে বয়লারটি মেরামতের চেষ্টা করেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা। আহতদের মধ্যে ফয়সাল আহমেদ ও রুবেল মিয়া বেশি দগ্ধ হন।
অগ্নিকাণ্ডে দগ্ধ প্রত্যক্ষদর্শী রাজু আহম্মেদ বলেন, বিকেল ৫টার দিকে বয়লারে লিকেজ দেখা দিলে তিনি পাশের একটি মিল থেকে আগুন নেভানোর কাজে এগিয়ে যান। এ সময় ঘটনাস্থলে মিলমালিক ইকবাল হোসেনও উপস্থিত ছিলেন। আগুনের লেলিহান শিখায় তিনিও আহত হন বলে জানান রাজু।
ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীরা। এ সময় নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু বলেন, শিল্পাঞ্চলে এ ধরনের ঘটনা নতুন নয়। মিল মালিকদের সচেতন করার চেষ্টা করেও কার্যকর প্রতিকার পাওয়া যাচ্ছে না। মাধবদী শিল্পাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উৎসুক জনতাকে নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
