সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার, মিলেছে 'গুরুত্বপূর্ণ তথ্য'
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত....
বাংলাদেশ
প্রতিনিধিনেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও তালিকাভুক্ত আসামি।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড সম্পর্কে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। নিহতের শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি ও ডিবির একটি সমন্বিত দল মামলাটির ছায়াতদন্ত করছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
