গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা করা হয়েছে ৪৪টি।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৮, লালবাগ বিভাগ ৪৭, ওয়ারী বিভাগ ৮৭, মতিঝিল বিভাগ ৭৮, তেজগাঁও বিভাগ ১১০, মিরপুর বিভাগ ২০৬, গুলশান বিভাগ ৭৮, উত্তরা বিভাগ ৩২, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে দুই হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা (চারটি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা ও গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
