ক্যাম্পাসে সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, ক্যাম্পাসে গণতন্ত্র হত্যার রাজনীতি বন্ধ করুন। অন্যথায় এই তরুণরা আপনাদের মুনাফেক হিসেবে চিহ্নিত করবে। কারণ সংসদে দাঁড়িয়ে আপনারা যে ধরনের বক্তব্য দেন, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই।
বৃহস্পতিবার ভোলা শহরের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা সরকারি কলেজ শাখা আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার নির্দেশনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এস এম ফরহাদ বলেন, ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করা আপনাদের পুরোনো অভ্যাসে পরিণত হয়েছে। ভোলা সরকারি কলেজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
তিনি অভিযোগ করে বলেন, আজকের অনুষ্ঠান ভোলা সরকারি কলেজ ক্যাম্পাসে হওয়ার কথা ছিল। কিন্তু একটি সংগঠনের নানা বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তা রেস্তোরাঁয় করতে হচ্ছে। তিনি আরও দাবি করেন, শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ছাত্রদল পরাজিত হয়েছে এবং পরবর্তীতে অন্যান্য ক্যাম্পাসে নির্বাচন বিলম্বিত করতে নানা তৎপরতা চালাচ্ছে। বিএনপি ও ছাত্রদলকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীরহাট মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. কামরুল হাসান এবং শহর শাখা শিবিরের সভাপতি আবদুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলওয়াত এবং পরে ইসলামী সংগীত ও নাটিকা পরিবেশন করেন আলহেরা শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
