সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হুথিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশীও হতাহত হয়েছেন।
হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা। বিজ্ঞপ্তিতে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলা হয়, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধের সমাধান করা উচিত।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছে, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে হামলা হয়।
ওই হামলায় এক ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হওয়ার খবর বৃহস্পতিবার সংবাদমাধ্যমে এসেছে। আহতদের মধ্যে দুই বাংলাদেশী ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।
আহত বাংলাদেশীরা হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। তাদের পরিচয় প্রকাশ করে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আহতরা বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবারের বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং সৌদি সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। একই সঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ এবং কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানেরও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।
এর আগে ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশী নিহত হন। তাদের মধ্যে একজন শাহেদ আহম্মেদের মরদেহ গতকাল দেশে পৌঁছেছে।
