গাড়িচাপায় আহত অস্ট্রেলীয় আইনপ্রণেতা, কেটে ফেলতে হলো দুই পা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
নিজের কার্যালয়ের কাছেই গাড়ির ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর দুই পা হারিয়েছেন অস্ট্রেলিয়ার স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইনস। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গাড়িচাপা দেওয়া হয়েছিলো বলে অভিযোগ উঠেছে। তবে হামলার পেছনের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৯ অক্টোবর) ভিক্টোরিয়া রাজ্যের ওয়াংগারাট্টা শহরে এ ঘটনা ঘটে। ৬৫ বছর বয়সী হেলেনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মেলবোর্নের একটি হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের তার দুই পা-ই কেটে ফেলতে হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) হাসপাতালে সাংবাদিকদের এসব তথ্য জানান হেলেনের স্বামী ফিল হেইনস। তিনি বলেন, এত বড় বিপর্যয়ের পরও হেলেন বেঁচে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল—এটাই পরিবারের কাছে সবচেয়ে বড় স্বস্তি।
এ ঘটনায় অভিযুক্ত ব্রেন্ডান নুজেন্টকে বুধবার আদালতে হাজির করা হয়। ৪৩ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং একজন সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত জামিনের আবেদন করেননি। আগামী ৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ জানিয়েছেন, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। অভিযুক্তের সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা, পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ এবং সম্ভাব্য উগ্র সরকারবিরোধী মনোভাব খতিয়ে দেখা হচ্ছে। তবে হামলার আগে অভিযুক্তের বিষয়ে পুলিশের কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না বলে জানান তিনি।
ঘটনাটি অস্ট্রেলিয়ায় রাজনৈতিক সহিংসতা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
