প্রতিনিধি, মৌলভীবাজার · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। রোববার (১৮ অক্টোবর) সকালে সিলেট থেকে সড়কপথে এসে তিনি রাজনগরের ঐতিহ্যবাহী পাঁচগাঁও দুর্গামন্দির পরিদর্শন করেন। পরে শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও ভবানী বাড়ি পূজামণ্ডপে যান তিনি।
সকাল ১১টার দিকে শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি পূজার আয়োজন ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ির পূজা সম্পর্কে অনেক শুনেছি। এখানে আসতে পেরে আনন্দিত। সবাই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করতে পারছেন, এটিই আনন্দের বিষয়।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
