প্রবল ঝড় বোয়েলোর আঘাতে যুক্তরাজ্যের স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে ৮২ হাজার ৬০০টির বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি ও বন্যার কারণে সড়ক, রেল ও বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে।
শনিবার সন্ধ্যায় যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে আঘাত হানা ঝড়টির প্রভাবে বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৬০ থেকে ৭০ মাইল বেগে বাতাস বয়ে যায়। উপকূলের কিছু এলাকায় বাতাসের গতি ঘণ্টায় ৮০ মাইল ছাড়িয়ে গেছে।
যুক্তরাজ্যের এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ৯০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে। তবে ৮২ হাজার ৬০০ গ্রাহক তখনো বিদ্যুৎবিহীন ছিলেন। প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু এলাকায় মেরামতকাজ ব্যাহত হচ্ছে।
ঝড়ের কারণে ল্যাঙ্কাশায়ারে বন্যার পর প্রেস্টন ও ব্ল্যাকপুল নর্থের মধ্যবর্তী রেলপথ বন্ধ হয়ে যায়। স্কটল্যান্ডের ডামফ্রিজের কাছে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। ডাবলিন, হিথরো, ম্যানচেস্টার, এডিনবরা ও গ্লাসগোসহ বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ এবং ইংল্যান্ডের উত্তরাঞ্চলে অ্যাম্বার সতর্কতা জারি করেছে। উপকূলীয় এলাকায় উড়ে আসা ধ্বংসাবশেষ ও বড় ঢেউয়ের ঝুঁকি থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে, বন্যার আশঙ্কায় ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ৬৬টি বন্যা সতর্কতা এবং আরও ১০টি সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে লিভারপুলের ‘রিভার অব লাইট’ আলোকশিল্প অনুষ্ঠান এবং লন্ডনের বার্ষিক ‘দিওয়ালি অন দ্য স্কয়ার’ আয়োজনও নিরাপত্তার স্বার্থে বাতিল করা হয়েছে।
এর আগে শুক্রবার ঝড় অস্টেনের আঘাতে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল। পরপর দুটি ঝড়ের প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে জনজীবন ও পরিবহনব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।
