পিরোজপুরে পোল্ট্রি খামারে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নরখালী এলাকায় একটি পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডে ১ হাজার ৭২০টি মুরগি ও খামারের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারমালিকের ভগ্নিপতি শামসুল আলম শেখ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, নরখালী এলাকার বাসিন্দা হৃদয় আহম্মেদ রাজুর ওই পোল্ট্রি খামার রয়েছে। তিনি খুলনায় থাকায় খামারটি দেখাশোনা করেন তার ভগ্নিপতি শামসুল আলম। ঘটনার রাতে খামারের কর্মচারীদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান তিনি। পরে স্থানীয় লোকজন ও কর্মচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শামসুল আলমের দাবি, আগুনে খামারে থাকা ১ হাজার ৭২০টি মুরগি ও অন্যান্য মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অজ্ঞাতনামা কেউ বা কারা খামারটিতে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তার সন্দেহ। তবে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শামসুল আলম।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে অভিযোগ পেয়েছেন তারা। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
More News Of This Category

