নেত্রকোনায় আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে জেলার ১০ উপজেলার ৫৪৬টি পূজামণ্ডপে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। প্রতিমা সাজসজ্জা, আলোকসজ্জা ও মণ্ডপের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ করেছেন আয়োজকেরা। উৎসব নির্বিঘ্ন করতে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
জেলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর নেত্রকোনার ১০ উপজেলায় ৫৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৫২২টি সার্বজনীন এবং ২৪টি ব্যক্তিগত পূজামণ্ডপ। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১১৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকছেন ৭৪১ জন পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপের আকার ও পরিস্থিতি বিবেচনায় প্রতিটি মণ্ডপে চার, ছয় অথবা আটজন করে মোট ৩ হাজার ৫৪৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নিরাপত্তায় নিয়োজিত থাকবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯ প্লাটুন সদস্য এবং আনসারের দুটি স্ট্রাইকিং ফোর্স।
পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। উৎসব চলাকালে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। পূজার আনুষ্ঠানিকতা উপভোগ করতে প্রস্তুতি নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এবারের দুর্গোৎসব সম্পন্ন হবে-এমন প্রত্যাশা আয়োজক ও দর্শনার্থীদের।
