বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১০ স্কোর নিয়ে শীর্ষে ছিল মালয়েশিয়ার কুচিং। দ্বিতীয় অবস্থানে ভারতের মুম্বাই, যার স্কোর ১৯১। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোরের স্কোর ১৮০ এবং চতুর্থ স্থানে ভারতের কলকাতার স্কোর ছিল ১৭৮।
বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১ থেকে ৩০০ হলে তা খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ হলে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বায়ুদূষণ বেশি থাকলে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যায় আক্রান্তদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এ সময়ে বাইরে ভারী শারীরিক পরিশ্রম কমানো এবং প্রয়োজন অনুযায়ী বাইরে অবস্থানের সময় সীমিত রাখা ভালো।
