কালবেলা · সাধারণ
এমপি এনামুলের ব্যতিক্রমী উদ্যোগ, গুরুত্বপূর্ণ স্পটে অভিযোগ বক্স
১৮/১০/২০২৬

দুর্নীতি, অনিয়ম ও সরকারি সেবা পেতে হয়রানি বন্ধে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে অভিযোগ বক্স স্থাপনের উদ্যোগ নিয়েছেন। প্রাথমিকভাবে উপজেলা ও পৌরসভার ৬০টি স্থানে এসব বক্স বসানো হচ্ছে। অভিযোগ যাচাই-বাছাই করে সাত দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদে নিজের পরিদর্শনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংসদ সদস্য এনামুল হক এনাম। পরে অভিযোগ বক্স স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এনামুল হক এনাম বলেন, জনগণ যাতে হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায় এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ বক্সে সাধারণ মানুষের দেওয়া অভিযোগ যাচাই-বাছাই করে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ, অনিয়ম এবং সরকারি সেবা দিতে গড়িমসি ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা ছিল দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন। আমি তা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযোগ বক্স স্থাপন করছি।’
সংবাদ সম্মেলনে সাবেক মেয়র নুরুল ইসলাম, পটিয়া পৌর বিএনপির সদস্যসচিব গাজী আবু তাহের, চেয়ারম্যান মফজল আহমদ চৌধুরী, মইনুল আলম ছোটন, আবদুল মাবুদ, শাহজাহান চৌধুরীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗